
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সকল প্রতিনিধি, ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্তের গুলিতে তিনি নিহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন এক বিবৃতিতে বলেন, সাংবাদিক হত্যা স্বাধীন সাংবাদিকতা ও জনগণের জানার অধিকারের ওপর নির্মম আঘাত। এর আগে আলিফ ফকিরের ওপর হামলার অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে।
বিবৃতিতে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও যথাযথ সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা বলেন, সাংবাদিকদের কলম ও কণ্ঠস্বর গুলির মুখে স্তব্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডের বিচার করা রাষ্ট্রের দায়িত্ব।
তাঁরা নিহত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply