
হাসান হৃদয়
স্টাফ রিপোর্টার
মাদারীপুরের কালকিনিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের মুখোমুখি হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ককটেল নিক্ষেপকে কেন্দ্র করে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। প্রায় ২ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে অন্তত ৫-৬ জন আহত হয়েছেন। তাদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply