
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
উপমহাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শতবর্ষী দ্বীনি প্রতিষ্ঠান পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে শুরু হয়েছে তিনদিনব্যাপী ১৩৬তম ইছালে ছাওয়াব মাহফিল। শনিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও হযরত পীর ছাহেব কেবলার জিকিরের তা’লীমের মধ্য দিয়ে মাহফিলের শুভ উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ধর্মীয় এ মহাসম্মেলন।
রবিবার (২৯ নভেম্বর) থেকে মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত তিনদিনব্যাপী এ মাহফিলের ধর্মীয় কর্মসূচি চলবে। মাহফিলের শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ যোহর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।
প্রতিবছরের মতো এবারও ছারছিনা দরবার শরীফের ঐতিহাসিক ইছালে ছাওয়াব মাহফিলকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, ধর্মীয় শিক্ষাদাতা, পীরভাই, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নেতাকর্মী, ভক্ত-অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটেছে। মাহফিল উপলক্ষে দরবার শরীফ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।
তিনদিনব্যাপী এ মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আলোচনা, ওয়াজ-নসিহত, জিকির-আজকার, হামদ-নাত, দোয়া ও মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব ছারছিনা দরবার শরীফের পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করবেন। পাশাপাশি বিভিন্ন ওলামায়ে কেরাম ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করবেন।
ছারছিনা দরবার শরীফের এ ঐতিহাসিক মাহফিল দীর্ঘদিন ধরে আত্মশুদ্ধি, দ্বীনি শিক্ষা, ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও ইসলামী আদর্শের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর এ মাহফিলকে কেন্দ্র করে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলায় পরিণত হয় দরবার শরীফের প্রাঙ্গণ।
ছারছিনা দরবার শরীফের বর্তমান পীর ছাহেব মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন মাহফিলের সার্বিক সফলতা কামনা করে ওলামা-মাশায়েখ, খোলাফায়ে রাশেদিন, মুহিব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সর্বস্তরের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে মেহমানরা রিজার্ভ লঞ্চ, বাস, ট্রলারসহ বিভিন্ন যানবাহনে ছারছিনা দরবার শরীফের উদ্দেশ্যে যাত্রা করেছেন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত এবং স্থানীয় মুরিদ ও ধর্মপ্রাণ মুসল্লিদের অনেকেই মাহফিলস্থলে অবস্থান নিয়েছেন। আগত মুসল্লিদের উপস্থিতিতে দরবার শরীফ ও আশপাশের এলাকায় মুখর হয়ে উঠেছে ধর্মীয় আয়োজন।
মাহফিলের শেষ দিন মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ যোহর ছারছিনা দরবার শরীফের পীর ছাহেব কেবলার পরিচালনায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। এ মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও সার্বিক কল্যাণ কামনা করা হবে।
Leave a Reply