
মোঃ হারুন চৌধুরী, স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।
কুষ্টিয়া পৌর কাঁচাবাজার সংলগ্ন পকেট গলি হয়ে নারিকেলতলা যাওয়ার গুরুত্বপূর্ণ চলাচলের পথটি বন্ধ হওয়ার আশঙ্কায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে। দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই সংযোগ সড়কটি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি তৈরি হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও শহরের যান চলাচলে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা। এই পথ সচল রাখার দাবিতে গতকাল শনিবার বেলা ১২টার দিকে পৌর রেলবাজার সংলগ্ন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ কাজের কারণে পৌর কাঁচাবাজারের পাশ দিয়ে নারিকেলতলা অভিমুখী পথটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অথচ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিপুলসংখ্যক ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষ পৌর কাঁচাবাজার এবং এনএস রোডে যাতায়াত করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ব্যবসায়ী মেজবাহ উর রহমান বলেন, “আমরা কুষ্টিয়ার নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের কাছে এই সড়কটুকু বহাল রেখে রেলস্টেশন সংস্কারের দাবি জানিয়েছিলাম। উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, এই রাস্তা থাকবে। এই বিশাল বাজারে প্রবেশের মাত্র দুটো রাস্তার মধ্যে এটি একটি। তাই আমাদের দাবি, এই রাস্তা যেন থাকে।”
ব্যবসায়ীদের দাবি, কাঁচাবাজারে পণ্য পরিবহন ও ক্রেতা যাতায়াতের অন্যতম এই পথটি বন্ধ হয়ে গেলে বেচাকেনায় সরাসরি প্রভাব পড়বে। এলাকাবাসীর শঙ্কা, বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হলে যাতায়াতের সময় ও ভোগান্তি উভয়ই বাড়বে। বিশেষ করে বাবর আলী গেট ও কোর্ট স্টেশন সংলগ্ন এলাকায় যানবাহনের বাড়তি চাপে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।
মানববন্ধনে উপস্থিত স্থানীয় বাসিন্দা জাহিদ বলেন, “বিশাল এই বাজারে প্রবেশের এটিই একমাত্র রাস্তা। এই রাস্তাটি যেন রাখা হয়, সে লক্ষ্যেই আমরা মানববন্ধন করেছি।” স্থানীয় আরেক বাসিন্দা সানোয়ার বলেন, “এই রাস্তাটি দিয়ে কুষ্টিয়া শহরের লক্ষাধিক লোক কুষ্টিয়া পৌর বাজারে চলাচল করে। তাই এই রাস্তাটি শহরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র দুটি রাস্তার একটি বন্ধ করে দেওয়া হলে শহরের যানজট অসহনীয় পর্যায়ে পৌঁছে যাবে।”
এলাকাবাসী ও ব্যবসায়ীদের মতে, রেলওয়ের অবকাঠামো উন্নয়ন ও প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ অবশ্যই প্রয়োজনীয়; তবে উন্নয়ন কাজের স্বার্থে জনবহুল এলাকার দীর্ঘদিনের চলাচলের পথ পুরোপুরি বন্ধ না করে সড়কটি সচল রাখা অথবা কার্যকর বিকল্প ব্যবস্থা রাখা জরুরি। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
Leave a Reply