
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট, ২০২৬) এ কর্মসূচির আওতায় নেছারাবাদ উপজেলার বালিহারী মাধ্যমিক বিদ্যালয় এবং ৯৫ নং বালিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন ধরনের গাছের চারা উপহার দেওয়া হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার ব্যবস্থাপক জনাব মু. মোজাফফর হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় মু. মোজাফফর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ প্রতিরোধ এবং অক্সিজেনের ঘাটতি পূরণে বৃক্ষরোপণের বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত রাখবে।
উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদের বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে শত শত ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় জনগণ ও শিক্ষাঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply