
মোঃ হারুন চৌধুরী, স্টাফ রিপোর্টার,কুষ্টিয়া।
গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল খনন ও পুনর্বাসনের মাধ্যমে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে। আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে বহুল প্রতীক্ষিত এই খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় সম্ভাব্য উদ্বোধনস্থল ও খালের বিভিন্ন পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় পৌঁছে পর্যায়ক্রমে বিশ্বরোড-সংলগ্ন জিকে খাল, চিনিকল মোড় ও জগতি-সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকার খাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর কর্মসূচির সার্বিক প্রস্তুতি নিয়ে সভা করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জানান, সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রায় ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা—এই চার জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর (প্রায় এক লাখ হেক্টর) জমিতে নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত হবে।
এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলার কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে পতিত হওয়া প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ ‘মরা গড়াই খাল’ খননের সম্ভাব্যতা নিয়েও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এই খালটি খননে আনুমানিক ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানানো হয়।
প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “দীর্ঘদিন ধরে অনেক খাল ভরাট হয়ে নাব্যতা হারানোয় কৃষকেরা প্রয়োজনীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। খালগুলো পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে। এতে প্রায় এক লাখ হেক্টর জমির কৃষকেরা চাষাবাদে বড় সুবিধা পাবেন এবং এক লাখ মণ ধান বেশি উৎপন্ন হবে।”তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে প্রায় ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন অন্যান্য সবজি উৎপাদিত হবে। এর ফলে সরাসরি প্রায় ৪০ লাখের বেশি মানুষ সেচ সুবিধার আওতায় আসবেন, কৃষকদের দীর্ঘদিনের সেচসংকট ও বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর হবে এবং অঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন ও মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত আল সিয়াম, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply