
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঠিকাদারি ব্যবসায়ী জাহিদুর রহমান মিঠু।
গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মৌলভী বাড়ির এক সম্ভ্রান্ত, সুশিক্ষিত ও রাজনৈতিক পরিবারের সন্তান জাহিদুর রহমান মিঠু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি গুয়ারেখা ইউনিয়নে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তার রাজনৈতিক পরিবারের পরিচয়ও দীর্ঘদিনের। তার প্রয়াত পিতা মাস্টার মোঃ হাবিবুর রহমান ছিলেন গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং গুয়ারেখা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তৎকালীন ১ নং ওয়ার্ড, যা বর্তমানে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বিভক্ত, সেখান থেকে তিনি জনপ্রতিনিধিত্ব করেন।
জাহিদুর রহমান মিঠুর বড় বোন শামসুন্নাহার কাকলী বর্তমানে পিরোজপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি এবং তিনি গুয়ারেখা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত নারী সদস্য। তার স্ত্রী তাইয়্যেবা সুলতানা খুশি পিরোজপুর জেলা মহিলা দলের সহ-শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রয়াত মাস্টার মোঃ হাবিবুর রহমানের পাঁচ মেয়ে ও দুই ছেলের মধ্যে জাহিদুর রহমান মিঠু বড় ছেলে এবং ভাই-বোনদের মধ্যে চতুর্থ সদস্য।
শিক্ষাজীবনেও রয়েছে তার ধারাবাহিকতা। তিনি ১৯৯৭ সালে এ.কে. ইনস্টিটিউশন, দৈহারী থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে নাজিরপুর শহীদ জিয়া কলেজ থেকে এইচএসসি ও বিএ (স্নাতক) ডিগ্রি অর্জন করেন।
জাহিদুর রহমান মিঠুর রাজনৈতিক পথচলা শুরু হয় ১৯৯৬ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে। নেছারাবাদ বিএনপির সাবেক নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক প্রয়াত ওয়াহিদুজ্জামান ওয়াহিদের নেতৃত্ব ও সমর্থনে তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে নেছারাবাদ উপজেলা বিএনপির তরুণ নেতা ও সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের নেতৃত্ব ও সমর্থনে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে তার সমর্থকদের দাবি।
বর্তমানে জাহিদুর রহমান মিঠু ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি গুয়ারেখা ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে জাহিদুর রহমান মিঠু গুয়ারেখা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন। তার প্রত্যাশা—জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় গুয়ারেখা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করা।
তিনি ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
একই সঙ্গে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করছেন তিনি।
জাহিদুর রহমান মিঠুর প্রত্যাশা, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা করা। যেখানে নাগরিক সেবা হবে সহজলভ্য, উন্নয়ন হবে পরিকল্পিত এবং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের প্রয়োজন ও প্রত্যাশা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
গুয়ারেখাকে একটি মডেল ও আধুনিক ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় নিয়ে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। এখন অপেক্ষা—নির্বাচনের মাঠে তার এই প্রত্যাশা ও পরিকল্পনা ভোটারদের কাছে কতটা গ্রহণযোগ্যতা পায়।
Leave a Reply