
আবুল কাশেম,সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়ায় গাঁজা সেবনের অপরাধে মো. আরশেদ আলী (৩৬) নামে এক সিএনজি চালককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মধ্য গোলড়া গ্রামের সিরাজ সাইজির বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় থানা পুলিশকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোলড়া গ্রামের একটি বাড়িতে আরশেদ আলী গাঁজা সেবন করছেন এমন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং প্রসিকিউশন দাখিল করেন।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারা অনুযায়ী আরশেদ আলীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা, একটি কল্কি, একটি স্টিলের কাটনি ও কাঠের টুকরো জব্দ করা হয়।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।”
Leave a Reply