
অনিকুল ইসলাম উজ্জ্বল
বরগুনার আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। নিয়মিত অফিসে উপস্থিত না থাকায় সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার বরগুনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়ন পরিষদের আট সদস্য।
অভিযোগকারী ইউপি সদস্যদের দাবি, প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মাঞ্জুরুল হক কাওসার নিয়মিত পরিষদে আসেন না। ফলে জন্মনিবন্ধন, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সেবা নিতে এসে মানুষকে বারবার ফিরে যেতে হচ্ছে। এ নিয়ে প্রতিবাদ করলে সেবাগ্রহীতা ও ইউপি সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। এ ছাড়া বিভিন্ন অনিয়মের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।সেবা নিতে আসা আমির হোসেন ও সুমন মোল্লা বলেন, পরিচয়পত্রের জন্য তাঁরা কয়েকবার ইউনিয়ন পরিষদে গেছেন। কিন্তু প্রশাসককে না পেয়ে ফিরে এসেছেন।ইউপি সদস্য ফিরোজ খান তাপস বলেন, প্রশাসক নিয়মিত অফিস না করায় সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আমতলী পৌরসভার কাউন্সিলর হওয়ায় পৌরসভার দাপ্তরিক কাজে ব্যস্ত থাকেন। ফলে ইউনিয়ন পরিষদে সময় দিতে পারছেন না। তাঁর অভিযোগ, প্রশাসক সেবাগ্রহীতাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং ইউপি সদস্যদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন। এসব কারণে মানুষ পরিষদে আসতে আগ্রহ হারাচ্ছেন।
ইউপি সদস্য বেলাল হোসেন ও নারী সদস্য মোসা. সাহিদা বেগমও প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছেন। এসব অভিযোগ তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আট সদস্য।
অভিযোগের বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. মাঞ্জুরুল হক কাওসার বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগ দিয়ে থাকলে তা মিথ্যা।আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply