
কুষ্টিয়া প্রতিনিধি :-
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) শিক্ষক মোঃ আমির হামজা (৪৩) বিরুদ্ধে এক ছাত্রীকে অশালীন ভাষায় কথা বলা,মোবাইল ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ওই ছাত্রীকে অন্যদের দিয়ে তুলে নিয়ে যাওয়ার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সুমাইয়া আক্তার ঋতু (১৯)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়,সুমাইয়া আক্তার ঋতু কোরিয়ান ভাষা শেখার জন্য গত ১ সেপ্টেম্বর কুষ্টিয়া টিটিসিতে ভর্তি হন। অভিযোগ,ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক আমির হামজা বিভিন্ন সময় তাকে অশালীন কথা ও বাজে মন্তব্য করতেন।
অভিযোগে বলা হয়,গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমির হামজা মোবাইল ফোনে সুমাইয়াকে কল করেন। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ করার পাশাপাশি অন্য ছেলেদের দিয়ে তুলে নিয়ে যাওয়ার এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগকারীর দাবি।
বিষয়টি জানতে সুমাইয়ার বড় ভাই মোঃ সেলিম রহমান ওই শিক্ষকের সঙ্গে কথা বললে তাকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সাক্ষী হিসেবে শারমিন সুলতানার নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক মোঃ আমির হামজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি একটি পত্রিকা অফিসে আছি। প্লিজ,আপনি একটু এখানে আসেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি),কুষ্টিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম বলেন,উনি আমাদের এখানে ২০১৮ সাল থেকে চাকরি করছেন। উনার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ আমরা পাইনি।
এদিকে অভিযোগকারী পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিতে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন,একজন নারী টিটিসির একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। এবিষয়ে দুপক্ষের আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply