
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি সহায়তা বিতরণ করা হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ২২টি পরিবারের হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে ঢেউটিন, চাল, কম্বল ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নেছারাবাদ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর এমপির পক্ষ থেকে এসব সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ।
বিতরণ করা সহায়তার মধ্যে রয়েছে মোট ৪৪ বান ঢেউটিন, ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৬৩০ কেজি চাল। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা, ৩০ কেজি করে চাল ও ১টি করে কম্বল দেওয়া হয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরের জন্য দুই বান ঢেউটিন, ৬ হাজার টাকা ও কম্বল সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত সোমবার রাতে বাটনাতলা-রুদ্রপুর বাজারে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়। আগুনে অনেক পরিবার তাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতঘরের মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়ে।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য পুনরায় চালু করতে আরও সহযোগিতার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
Leave a Reply