
সঞ্জু বনিক সৌরভ,পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় সারের মজুত ও বিপণনে অনিয়মের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যবসায়ীকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রাম এবং গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া বাজার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাড়িভাসা ইউনিয়নের বীরপাড়া গ্রামে কীটনাশক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনের (৪৪) বাড়িতে সার মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ি থেকে টিএসপি ১৫ বস্তা, পটাশ ২২ বস্তা ও ডিএপি ২৪ বস্তাসহ মোট ৬১ বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে, গরিনাবাড়ি ইউনিয়নের বজরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জাহিদুল ইসলামের প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মজুত করা নয় বস্তা সার জব্দ করা হয়। এ ঘটনায় তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে বজরাপাড়া বাজারে জব্দ করা নয় বস্তা সার উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামে বিক্রি করা হয়। এতে কৃষকেরা সরাসরি সরকারি দামে সার কেনার সুযোগ পান।
পঞ্চগড় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী জানান, দুটি অভিযানে মোট ৭০ বস্তা সার জব্দ করা হয়েছে। হাড়িভাসা থেকে জব্দ করা ৬১ বস্তা সার মঙ্গলবার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে সরকারি দামে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অন্যদিকে, বজরাপাড়া থেকে জব্দ করা সার তাৎক্ষণিকভাবে বিক্রি করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়েছে। এ সময় দুই ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সার জব্দ করা হয়। জব্দ করা সার সরকারি নির্ধারিত দামে প্রকাশ্যে বিক্রি করে অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সারের মজুত ও বিপণনে অনিয়ম প্রতিরোধ এবং কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply