
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন মুহাদ্দিস ড. এনামুল হক। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি নবনির্বাচিত জেলা আমীর মুহাদ্দিস ড. এনামুল হককে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, বর্তমান চ্যালেঞ্জিং সময়ে নবনির্বাচিত আমীরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব যথাযথভাবে পালনে দিনাজপুর জেলা জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর ধরে দিনাজপুর জেলা জামায়াত যেভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে, বর্তমান সময়েও দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শপথের আলোকে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, একই অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা আবদুল হাকিম ও মো. আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর মো. আফতাব উদ্দিন মোল্লা, পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন এবং ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর মো. আলমগীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও দিনাজপুর শহর সভাপতি মাসুদ রানা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজোয়ানুল হক, দিনাজপুর জেলা উত্তর শাখার সভাপতি সোহানুর রহমান সুমন, দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সভাপতি আবুল কালাম আজাদসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৭-২০২৮ সেশনের জন্য দিনাজপুর জেলা জামায়াতের আমীর নির্বাচনে গত ২২ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলা শাখার ১ হাজার ৮০০ জন রুকন (সদস্য) তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ৪ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশের বিভিন্ন সাংগঠনিক শাখার আমীরদের নাম ঘোষণা করা হয়। ওই ঘোষণায় দিনাজপুর জেলা আমীর হিসেবে মুহাদ্দিস ড. এনামুল হকের নাম প্রকাশ করা হয়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন মুহাদ্দিস ড. এনামুল হক।
Leave a Reply