
মোঃ হারুন চৌধুরী , স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রাথমিক ও সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ১৯, ২০ ও ২৭ মার্চকে বিবেচনায় রাখা হয়েছে।
গত সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ কে এম মতিনুর রহমান।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার প্রফেসর ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।
সভা সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সামগ্রিক সময়সূচি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রয়োজনীয় প্রস্তুতি ও ভর্তি কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বিষয়টিতে কেন্দ্রীয় গুচ্ছ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করার বিষয়ে একমত পোষণ করা হয়। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ থেকে ২৭ মার্চের মধ্যে মাঠপর্যায়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ওপর ভিত্তি করেই ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র বা ব্যবস্থাপনার জন্য ১৯, ২০ ও ২৭ মার্চ—এই তিন দিনকে প্রাথমিকভাবে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মার্চ সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ভর্তি কমিটি সূত্রে স্পষ্ট করা হয়েছে যে, গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত ও তারিখ ঘোষণার ওপর ভিত্তি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এসব নির্ধারিত ও সম্ভাব্য তারিখে পরিবর্তন আসতে পারে। গুচ্ছের কেন্দ্রীয় সিদ্ধান্ত পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণ ও শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু, স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ ও সময়োপযোগীভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে।
Leave a Reply