
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সেলিম মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে দীঘিনালা থানাধীন ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী গরু বাজারের পশ্চিম পাশে আবু বক্কর সিদ্দিকের ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের মাধ্যমে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহর নেতৃত্বে পুলিশ সদস্যরা সেলিম মিয়াকে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও ব্যবহৃত লাল-কালো রঙের মোটরসাইকেল তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের সিটের নিচে কালো রঙের জিপারে কিছুটা ভেজা অবস্থায় লালচে-গোলাপি রঙের ৫১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫ দশমিক ১ গ্রাম।
এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত হাঙ্ক মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তার সেলিম মিয়া দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোঃ নুরুল ইসলাম এবং মায়ের নাম মোছাঃ পেয়ারা বেগম।
এ ঘটনায় ৫ অক্টোবর দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ধারায় এফআইআর নং-০১ মামলা করা হয়েছে। মামলার তদন্তভার এসআই প্রাণতোষ বণিকের ওপর অর্পণ করা হয়েছে।
দীঘিনালা থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Leave a Reply