
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া বটতৈল মোড়ে যুব উন্নয়ন ভবনের সামনে ইসমাইল চায়ের দোকানে রমরমা জুয়া ও মাদকের কারবার! সংবাদের ছবি তোলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
কুষ্টিয়া শহরের বটতৈল মোড় এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তরের ঠিক সামনে অবস্থিত ‘ইসমাইল চায়ের দোকান’-কে কেন্দ্র করে গড়ে উঠেছে মাদক ও নিষিদ্ধ জুয়ার এক বিশাল সিন্ডিকেট। চায়ের দোকানের আড়ালে সেখানে দিন-রাত চলছে রমরমা মাদক বিক্রি এবং ওপেন জুয়ার আসর। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এই অবৈধ সাম্রাজ্য চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ক্যামেরায় অপরাধের দৃশ্য,অতঃপর সাংবাদিককে হুমকি
অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের মূল হোতা ইসমাইল—যিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আওয়ামী যুবলীগ’-এর সাবেক সাধারণ সম্পাদকের ভাই হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই স্পটটি নিয়ন্ত্রণ করছেন।
সম্প্রতি এই অবৈধ কর্মকাণ্ডের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্থানীয় এক গণমাধ্যমকর্মী সরেজমিনে অনুসন্ধানে যান। সেখানে মাদক বিক্রি ও জুয়া খেলার দৃশ্য সরাসরি সাংবাদিকের ক্যামেরায় ধারণ করা হয়। অপরাধের প্রমাণ হাতেনাতে ধরা পড়ার পর ধূর্ত ইসমাইল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা কর্তব্যরত ওই সাংবাদিকের ওপর চড়াও হয়, ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং প্রকাশ্য দিবালোকে তাকে মেরে লাশ গুম করার হুমকি দেয়।
অতিষ্ঠ এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, যুব উন্নয়ন ভবনের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের সামনে এভাবে মাদক ও জুয়ার আসর চলায় এলাকার সামাজিক পরিবেশ পুরোপুরি ধ্বংসের মুখে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পান। যুবলীগের প্রভাব দেখিয়ে ইসমাইল পুরো এলাকা জিম্মি করে রেখেছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে বা প্রতিবাদ করলে তাকে নানাভাবে নির্যাতন ও এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাংবাদিককে প্রকাশ্য হুমকির ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং গণমাধ্যমকর্মীরা কুষ্টিয়া জেলা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। বটতৈল মোড়ের এই মাদক ও জুয়ার স্পটটি চিরতরে বন্ধ করার আহ্বান সকল স্তরের মানুষের।
Leave a Reply