
// স্টাফ রিপোর্টার // কুষ্টিয়া
মোঃ হারুন চৌধুরী //
ইংরেজি ভাষার প্রতি শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভীতি দূর করে আত্মবিশ্বাসের সঙ্গে শেখার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন, বক্তারা বলেন ভাষা কেবল কতিপয় শব্দের সমষ্টি নয়, বরং তা মানুষের চিন্তা করার মৌলিক পদ্ধতিও বটে, তারা আরও বলেন, পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে নিয়মিত ব্যবহারিক চর্চার মাধ্যমেই শিক্ষার্থীরা বিশ্বজুড়ে প্রতিযোগিতামূলক শিক্ষায় নিজেদের এগিয়ে নিতে পারবে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর/২৬) বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজঅলিম্পিয়াড-২০২৬’-এর পুরস্কার বিতরণী এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) উপসচিব মোঃ মিজানুর রহমান বলেন, “ভাষার মাধ্যমে মানুষ চিন্তা করে এবং নিজের ভাব প্রকাশ করে। বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব ও প্রভাব অনস্বীকার্য। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি সাবলীলভাবে কথা বলা ও লেখার চর্চা করতে হবে।
তিনি আরও যুক্ত করেন, “নিয়মিত চর্চার মাধ্যমে এই দক্ষতা অর্জিত হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথ অনেক সহজ হয়ে যাবে। ইংরেজি ভীতি কাটাতে পাঠ্যবই পড়ার পাশাপাশি ব্যবহারিক চর্চা বাড়াতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে নিজেদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারে।” শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান এবং নিয়মিত বিরতিতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মনিরা আক্তার। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি তাদের মাঝে মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইমরান হোসেন ইরান এবং শিক্ষার্থী মাহমুদা আলম, ধ্রুব ও রাহাত। সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী সাদমান এবং পবিত্র গীতা থেকে পাঠ করে স্বপ্নিল পাল।
আলোচনা সভা শেষে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড’- এ কৃতিত্ব অর্জনকারী এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, উপহারসামগ্রী ও সম্মানী তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply