
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
দেশের সীমান্ত সুরক্ষা,চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যশোর রিজিয়নের ব্যবস্থাপনায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এ লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) কুষ্টিয়ায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি জানান,বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের আওতায় কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই বিস্তীর্ণ সীমান্তে কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীন ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করছে।
তিনি জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে যশোর রিজিয়নের আওতাধীন এলাকায় ৩৮০ জন আসামিসহ প্রায় ৩৭৭ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এর মধ্যে ৫৮ কেজি স্বর্ণ,১২৪ কেজি রৌপ্য,২৭ টি আগ্নেয়াস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এককভাবে কুষ্টিয়া জেলা ও মেহেরপুর জেলার গাংনী উপজেলায় মাদক ও চোরাচালান দমনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। গত এক বছরে এই ব্যাটালিয়ন ১৩৯ জন আসামিসহ ১০৩ কোটি ২৫ লাখ টাকার মাদক ও চোরাচালানি দ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ইয়াবা,হেরোইন, ফেন্সিডিল,গাঁজা,বিদেশি মদ,আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে অধিনায়ক জানান,তফসিল ঘোষণার পর থেকেই কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার ১১টি উপজেলায় নির্বাচনকে শান্তিপূর্ণ করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ৬টি সংসদীয় আসনে ভোটগ্রহণ উপলক্ষে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরো নির্বাচনী এলাকায় মোট ১৪.৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প ও ২২টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা হবে। নিরাপত্তা জোরদারে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি আরও বলেন,ইতোমধ্যে উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর সীমান্ত এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল,৮ টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে,যা যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থানের প্রমাণ।
ব্রিফিংয়ে জানানো হয়,যশোর রিজিয়নের আওতায় কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন ১৫ জেলার ৯২টি উপজেলায় অবস্থিত ৫১টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ জন্য ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প ও প্রায় ১৮০টি বিজিবি প্লাটুন সেনাবাহিনী,পুলিশ,র্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে।
শেষে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত সুরক্ষা ও একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন,সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশও সুরক্ষিত থাকবে—এই বিশ্বাস থেকেই বিজিবি তার দায়িত্ব পালন করে যাচ্ছে।
Leave a Reply