
বাহাদুর চৌধুরী :
দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট সমাজসেবক ও ভোলা জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন। তিনি বলেন, জনপ্রতিনিধিত্ব কোনো ক্ষমতার অহংকার কিংবা পদ আঁকড়ে থাকার বিষয় নয়; এটি জনগণের দেওয়া একটি পবিত্র আমানত ও দায়িত্ব।
জামাল উদ্দিন বলেন, ভোটের আগে মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচিত হওয়ার পর সেসব প্রতিশ্রুতি ভুলে যাওয়া উচিত নয়। জনগণ ভোটের মাধ্যমে শুধু একজন প্রতিনিধি নির্বাচন করেন না, বরং তাদের আশা-আকাঙ্ক্ষা ও এলাকার ভবিষ্যৎ উন্নয়নের দায়িত্বও একজন জনপ্রতিনিধির হাতে তুলে দেন।
তিনি বলেন, মদনপুর ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, নাগরিক সুবিধা এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং তাদের সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নেওয়াই একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব।
‘ক্ষমতা মানুষের ওপরে ওঠার জন্য নয়, মানুষের পাশে দাঁড়ানোর জন্য’—এমন প্রত্যয় ব্যক্ত করে জামাল উদ্দিন বলেন, নেতৃত্বের প্রকৃত পরিচয় কোনো পদ-পদবি নয়; জনগণের সঙ্গে সম্পর্ক, মানুষের আস্থা এবং তাদের পাশে থাকার ধারাবাহিকতা।
নিজের সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তিনি দাবি করেন, মদনপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে তিনি দীর্ঘদিন ধরে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মদনপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। প্রার্থীদের প্রতিশ্রুতি, অতীতের সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় জনগণের মতামত—সবকিছু বিবেচনায় নিয়ে ভোটাররা তাদের সিদ্ধান্ত নেবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Leave a Reply