
বি এম শামিম হাওলাদার (ভোলা) প্রতিনিধি:-
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গভীর রাতে একটি নসিমনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে গাড়িটির ইঞ্জিনসহ সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারের একমাত্র আয়ের উৎস হারিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত মালিক।
গত রাতে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দালাল বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কাচিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন মোল্লার ছেলে মো. দ্বীন ইসলাম মোল্লা দীর্ঘদিন ধরে এই নসিমনটি চালিয়ে আসছিলেন। এটিই ছিল তাঁর পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন।
প্রতিদিনের মতো কাজ শেষে রাতে তিনি নসিমনটি দালাল বাজারে পার্ক করে রেখে যান। গভীর রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং ইঞ্জিনের প্রধান অংশসহ সম্পূর্ণ নসিমনটি ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত দ্বীন ইসলাম মোল্লা কান্নায় ভেঙে পড়ে বলেন, “এই নসিমনটি চালিয়েই আমার পুরো পরিবারের সংসার চলতো। এটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র উপায়। আগুনে গাড়িটি পুড়ে যাওয়ায় এখন আমাদের আয়ের সব পথ বন্ধ হয়ে গেছে। আমরা এখন সম্পূর্ণ নিঃস্ব।”
খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে আসলেও ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। নসিমনটিতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার। এই অমানবিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
Leave a Reply