
হাসান হৃদয়
স্টাফ রিপোর্টার
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিরপুর-১১ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকার প্রধান সড়ক অবরোধ করেন কয়েকশ পোশাকশ্রমিক। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জবাবে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
এই সংঘর্ষের জেরে যাত্রী নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সাময়িকভাবে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন বন্ধ ঘোষণা করে। এ সময় কোনো ট্রেন ওই স্টেশনে থামেনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুরের দিকে স্টেশন দুটি পুনরায় চালু করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জনভোগান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
এদিকে এই আন্দোলনের প্রভাব পড়েছে দেশের পোশাক খাতে। বিজিএমইএ সূত্রে জানা গেছে, মিরপুর, গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলের অন্তত ৬৭৯টি কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে।বর্তমানে মিরপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
Leave a Reply