
নিজস্ব প্রতিবেদক, সাভার | ১৮ অক্টোবর ২০২৬ :
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার দরগার পাড় এলাকায় বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার মীরের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত দেলোয়ার মীর বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করেছেন স্বজনেরা। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগীর অভিযোগ, সুজন গাজীর নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের এক দল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। এ ঘটনায় সুজন গাজী, শাকিব গাজী, সানি এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে
দেলোয়ার মীরের অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় তাঁকে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। পরে তাঁরা সংঘবদ্ধভাবে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে মারধর করার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। এতে তিনি রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হন।
তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার পেছনের কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেলোয়ার মীরের আত্মচিৎকার শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে দেলোয়ার মীরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। হামলার অভিযোগের বিষয়ে দেলোয়ার মীর বলেন, “সুজনের নেতৃত্বে একদল লোক আমাকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। তারা আমাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া সম্ভব হয়নি।
এখন নজর পুলিশের তদন্তে। অভিযোগের সত্যতা যাচাই, হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।
Leave a Reply