
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের শামুকিয়া গ্রামে পদ্মা নদী থেকে উত্তোলিত অবৈধ বালুবাহী ডাম্প ট্রাক চলাচলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, জনদুর্ভোগ নিরসন এবং অবৈধ বালু পরিবহন বন্ধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে নারী, পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পদ্মা নদী থেকে উত্তোলিত বালুভর্তি ভারী ডাম্প ট্রাক গ্রামের সরু ও জনবহুল সড়ক ব্যবহার করে চলাচল করছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত ব্যাহত হচ্ছে এবং কৃষকদের কৃষিপণ্য পরিবহনে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এছাড়া ভারী যানবাহনের চাপে গ্রামীণ সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, যা জনজীবনে চরম দুর্ভোগ ডেকে এনেছে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন,অবৈধ বালুবাহী ট্রাক চলাচলে বাধা দিতে গেলে একটি প্রভাবশালী মহল প্রতিবাদকারীদের ভয়ভীতি প্রদর্শন, হামলা ও মিথ্যা মামলায় হয়রানির চেষ্টা করে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ক্রমেই বাড়ছে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে শামুকিয়া গ্রামের সড়কে অবৈধ বালুবাহী ডাম্প ট্রাক চলাচল বন্ধ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা বলেন,আমরা উন্নয়নের বিরোধী নই। তবে সাধারণ মানুষের জীবন-নিরাপত্তা,শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল এবং কৃষকদের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো অবৈধ কার্যক্রম চলতে দেওয়া যায় না। জনগণের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মো. রেজাউল, মো. আব্দুর রাজ্জাক, মো. আবির, আছসুল ইসলাম, বাদশা, হাবিবুল, মো. রনি ইসলাম, মো. হোসেন, মো. উসমান, মো. সিয়াম, মো. রাফেজ, মো. তুহিন, মো. সামিউল, মো. নাছিম, সম্রাট, জীবন মাহমুদ, আপন, শিহাবসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মানববন্ধনস্থলে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা ঘোষণা দেন, অবৈধ ডাম্প ট্রাক চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন।
এ বিষয়ে মিরপুর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং শামুকিয়া গ্রামের মানুষের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।