
বাহাদুর চৌধুরী :
ভোলা জেলার চরফ্যাশনে একের পর এক প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ ঘিরে জনমনে তীব্র ক্ষোভ, আতঙ্ক ও ক্ষরণের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চিকিৎসক ডাক্তার আখির-এর বিরুদ্ধে বছরের পর বছর ধরে চিকিৎসা অবহেলা, ভুল চিকিৎসা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠলেও রহস্যজনকভাবে থামছে না মৃত্যুর মিছিল। প্রশ্ন উঠেছে—আর কত মায়ের বুক খালি হলে, আর কত নবজাতকের নিথর দেহ দেখতে হলে প্রশাসনের টনক নড়বে?
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে ডাক্তার আখির-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় দুই নবজাতকের মৃত্যু হয়। এরপর ২০২৪ সালে প্রাণ হারান এক প্রসূতি মা। ২০২৫ সালে আবারও এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠে। আর সর্বশেষ ২০২৬ সালে একই দিনে এক প্রসূতি মা ও এক নবজাতকের মৃত্যুর ঘটনায় পুরো চরফ্যাশনজুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের কালো ছায়া।
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক বছরে অন্তত ৬ জন মা ও শিশুর মৃত্যুর অভিযোগ প্রকাশ্যে এসেছে। তবে স্থানীয়দের দাবি, বাস্তব সংখ্যা আরও ভয়াবহ। অনেক পরিবার সামাজিক লজ্জা, প্রভাবশালী মহলের চাপ ও ভয়ের কারণে মুখ খুলতে সাহস পাচ্ছে না। ফলে নীরবে চাপা পড়ে যাচ্ছে অসংখ্য কান্না, হারিয়ে যাচ্ছে বিচার পাওয়ার শেষ আশাটুকুও।
চরফ্যাশনের সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—একজন চিকিৎসকের বিরুদ্ধে বারবার এত গুরুতর অভিযোগ ওঠার পরও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কার ছত্রছায়ায় থেকে চলেছে এই মৃত্যুর কারবার? স্বাস্থ্যসেবার নামে যদি মানুষের জীবন নিয়েই এমন নির্মম খেলা চলতে থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। সচেতন মহল বলছে, এটি শুধু বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়; বরং সম্ভাব্য চিকিৎসা অবহেলার ভয়াবহ চিত্র, যা অবিলম্বে তদন্ত করা জরুরি।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী ভোলা জেলার মানবিক পুলিশ সুপার এবং স্বাস্থ্য বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি জানিয়েছেন—দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো মা কিংবা নবজাতক এমন মর্মান্তিক পরিণতির শিকার না হন।
চরফ্যাশনের আকাশে আজ একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—
“আর কত প্রাণ ঝরলে মিলবে বিচার?”
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।