
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইপো ও প্রতিবেশীদের পিটুনিতে মানিক সরদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব দুর্গাপুর এলাকায় নিহতের নিজ বাড়িতে ও পরবর্তীকালে অন্য এক বাড়িতে নিয়ে তাকে মারধর করা হয়। নিহত মানিক সরদার ওই এলাকার মৃত ছবেদ আলী সরদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে ভাইদের সঙ্গে মানিকের দীর্ঘদিনের বিরোধ ও আদালতে মামলা চলছিল। রবিবার রাতে এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাইপো রাব্বি সরদার, আজিম সরদার, সাইফুল ইসলাম মৃধা, প্রতিবেশী রবিন শেখ ও সজিব মানিক সরদার ও তার ছেলে মেহেদীকে তুলে নিয়ে যায়। প্রথমে মানিকের বাড়িতে এবং পরে মজিবুর সরদারের বাড়িতে নিয়ে তাদের ওপর দুই দফায় নৃশংস হামলা চালানো হয়। এ সময় বাধা দিতে গেলে মানিকের স্ত্রী ফরিদা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে মানিক অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায় এবং কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে তামান্না আক্তার বন্যার অভিযোগ, ঘটনার সময় স্থানীয় গ্রাম পুলিশ শেখ মিকচান উপস্থিত থাকলেও তিনি হামলাকারীদের ঠেকাননি। তামান্না আরও দাবি করেন, গুরুতর আহত অবস্থায় তার বাবা বাঁচার আকুতি জানালেও কেউ তাকে হাসপাতালে নেয়নি। এমনকি দাফনের সময়ও তার ভাইকে হুমকি দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ইতিপূর্বেও তাদের চারটি গরু বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল বলে জানায় নিহতের পরিবার।
এদিকে স্থানীয়দের একটি অংশ মনে করছে, জমি বিরোধের পাশাপাশি সম্প্রতি একটি গরু চুরির ঘটনায় মানিকের ছেলেকে সন্দেহ করা নিয়েও উত্তেজনা চলছিল। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা জানান, জমিজমা ও চুরির সন্দেহের দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে। তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।