
নিজস্ব প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে এক গৃহবধূর বাড়িতে হামলা, ডাকাতি, গর্ভবতী নারীকে নির্যাতন এবং এক শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ জাহাঙ্গীর আলম (৪৮) বড়াইগ্রাম থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, গত ২২ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৪টার দিকে ভরতপুর গ্রামের মোঃ রহমানসহ ৬ জন নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার জামাতা মোঃ ইদ্রিস আলীর বাড়িতে প্রবেশ করে। এসময় তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা জাহাঙ্গীর আলমের গর্ভবতী মেয়ে মোছাঃ জুলেখা খাতুনকে (২৬) মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং তার গর্ভপাত ঘটে। একই সময় তার ৫ বছর বয়সী ছেলে মোঃ জুবায়েরের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জুলেখার অবস্থার অবনতি হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে রেফার করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।