
মোঃ আব্দুর রহমান জেলা প্রতিনিধি :
ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে আবারও চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি প্রায় ১১ থেকে ১২ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ একত্রিত হয়ে গণমাধ্যমের কাছে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন নান্নুর বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, তিনি চেয়ারম্যান থাকাকালীন সময় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, ভিজিডি, ভিজিএফসহ সরকারের বরাদ্দকৃত নানা ধরনের সহায়তা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, তাকে স্থানীয়ভাবে একজন প্রভাবশালী সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জবরদখলকারী হিসেবেও আখ্যায়িত করা হয়েছে।
ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তারা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা, আর্থিক অনুদান এবং অন্যান্য সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়নি। ফলে এলাকার সাধারণ মানুষ চরম হতাশা ও ক্ষোভে ফুঁসে উঠেছেন।
বর্তমানে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এই কারণে যে, অভিযোগ অনুযায়ী, নাসির উদ্দিন নান্নু পুনরায় মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছেন। অভিযোগকারীরা দাবি করেন, তিনি কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠীর ছত্রছায়ায় থেকে আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন এবং এরই মধ্যে একটি শক্তিশালী অনুসারী বাহিনী নিয়ে মাঠে তৎপরতা শুরু করেছেন।
এ বিষয়ে স্থানীয় জনগণ একাধিকবার ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান। বিভিন্ন সময়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকেই জানতে চাইছেন—অতীতের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা কি আবারও পুনর্বাসিত হতে যাচ্ছেন?
এলাকার সচেতন মহল মনে করছেন, অবিলম্বে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে।
এদিকে, একাধিকবার মুঠোফোন ফোন করা হলেও অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
(বিস্তারিত পত্রিকাতে দেখুন)
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।