
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
হোটেল–রেস্তোরাঁ সেক্টরের শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও শ্রম আইন পূর্ণ বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, অন্যায় ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরি অবিলম্বে কার্যকরের দাবিতে রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং বি–২১২৬)-এর আহ্বানে আয়োজিত সংক্ষিপ্ত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কুষ্টিয়া জেলা সভাপতি রমজান বিশ্বাস। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কুষ্টিয়া জেলা সহ-সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জেলা কমিটির সহ-সভাপতি আছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস এস বিল্লাল, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় পাল এবং মজমপুর শাখার সাধারণ সম্পাদক রবিন খাঁসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে রমজান বিশ্বাস বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট প্রকাশের পর তা অবিলম্বে কার্যকর করার বিধান থাকলেও এখনো অনেক হোটেল মালিক গেজেট অনুযায়ী মজুরি প্রদান করছেন না। তিনি অভিযোগ করেন, নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়া শ্রমিকদের যেকোনো সময় চাকরিচ্যুত করা হচ্ছে, যা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ৫ ধারার সরাসরি লঙ্ঘন। এছাড়া ৮ ঘণ্টার অধিক কাজের জন্য দ্বিগুণ মজুরির বিধান থাকলেও শ্রমিকদের বাধ্য করে প্রতিদিন ১২ থেকে ১৩ ঘণ্টা কাজ করানো হচ্ছে।
বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে কুষ্টিয়ার হোটেল–রেস্তোরাঁ শ্রমিকদের জীবন-জীবিকা আজ চরম সংকটে। মালিকপক্ষ মুনাফা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যপণ্যের দাম বাড়ালেও শ্রমিকদের মজুরি বাড়ানো হচ্ছে না। একই সঙ্গে শ্রমিক অধিকার রক্ষায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যকর ভূমিকার অভাবের কথাও তুলে ধরেন তারা।
সমাবেশে আসাদুল হক আসাদ বলেন, জন্মলগ্ন থেকেই বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কুষ্টিয়া জেলা কমিটি বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাঁচার মতো মজুরি, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং শ্রম আইন বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায়ে মালিকপক্ষ সাড়া না দিলে কর্মসূচি আরও কঠোর করা হবে এবং প্রয়োজনে কর্মবিরতির ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ অবিলম্বে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন, শ্রম আইন অনুসরণ এবং শ্রমিকদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।