
(নিজস্ব প্রতিনিধি : আব্দুর রহমান)
দৌলতখান উপজেলার নেয়ামতপুর চর এলাকায় আলোচিত ভূমিখেকো ডাকাত সরদার বশির মেম্বারের প্রধান সহযোগী আরমান ওরফে ‘সমস্যা’কে অস্ত্র ও চার রাউন্ড গুলিসহ জনতা আটক করেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ও আতঙ্কের বহিঃপ্রকাশ হিসেবেই আজ এ ঘটনা ঘটে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ প্রায় আধা ঘণ্টা আগে আরমানকে একটি শটগানসহ আটক করা হলে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে কোস্ট গার্ডের একটি চৌকস, শক্তিশালী ও সাহসী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে জনতার হাত থেকে নিরাপদে উদ্ধার করে ভোলা সদর কোস্ট গার্ড ঘাটের মিডিয়া রুমে নিয়ে যায়। এলাকাবাসী কোস্ট গার্ডের এই দ্রুত, দায়িত্বশীল ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আটককৃত এই অস্ত্রধারী সন্ত্রাসীকে মুক্ত করতে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, কয়েকদিন আগেও একই অপরাধী গ্রেফতার হলেও রহস্যজনক কারণে সে পুনরায় এলাকায় সক্রিয় হয়ে ওঠে।
স্থানীয় জনগণের ভাষ্যমতে, এসব অপরাধমূলক কর্মকাণ্ড ও ভূমি দখলের বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিবাদ ও সংবাদ প্রচার করায়, জোরপূর্বক ভূমি দখলকারী বশির মেম্বার ও তার সহযোগীরা দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) ঢাকা হেডকোয়ার্টারে একটি দরখাস্ত দাখিল করে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের অভিযোগ, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দৌলতখান উপজেলার নেয়ামতপুর ও মদনপুর এলাকার হাজার হাজার কৃষক, জেলে ও খেটে খাওয়া দিনমজুর বছরের পর বছর ধরে চরম আতঙ্কে মানবেতর জীবন যাপন করছেন। জমি হারানো, পেশা হারানো ও মিথ্যা মামলার ভয়ে অসহায় মানুষগুলো মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ রয়েছে। একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা হলেও সন্ত্রাসীদের মূল হোতা বশির মেম্বারের বিরুদ্ধে এখনো পর্যন্ত দৃশ্যমান ও কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ না হওয়ায় জনমনে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
সচেতন মহলের দাবি, অবিলম্বে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বাঁচতে পারে এবং এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
(বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন)
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।