
বিজয় চৌধুরী, ঢাকা
রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ সফরে থাকা পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে বনানীর নৌবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী, সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং পেশাগত ও প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তারা দুই দেশের নৌবাহিনীর সহযোগিতা অব্যাহত রেখে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।
সাক্ষাতের সময় পাকিস্তান নৌবাহিনীর প্রতিনিধি দল, পাকিস্তান হাইকমিশনার, ডিফেন্স অ্যাটাশে এবং নৌবাহিনী সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, পাকিস্তান নৌবাহিনী প্রধান স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। একই দিনে তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আইএসপিআর জানায়, সফরের অন্যান্য দিনগুলোতে পাকিস্তান নৌবাহিনী প্রধান বাংলাদেশ বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
একই সময় পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’ চট্টগ্রামে পৌঁছে শুভেচ্ছা সফর করবে। জাহাজের অধিনায়কসহ কর্মকর্তারা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌ ঘাঁটি এবং চট্টগ্রামের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও জাহাজ পরিদর্শন করে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।
সফরের শেষ পর্যায়ে পাকিস্তান নৌবাহিনী প্রধান ও তার জাহাজ আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।