
মো:সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি’র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে ফুঁসে উঠেছে দলীয় নেতা-কর্মীরা। কাফনের কাপড় পরে মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিরল উপজেলার প্রাণকেন্দ্র স্থলবন্দর মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, এবং মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী আ.ন.ম. বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন ও অধ্যাপক মঞ্জুরুল আলম মঞ্জুর সমর্থকরা এসব কর্মসূচি পালন করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগপন্থী” হিসেবে পরিচিত সদ্য মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে দিয়ে বিএনপি’র ত্যাগী নেতাদের বঞ্চিত করা হয়েছে। তারা অবিলম্বে পিনাকের মনোনয়ন বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত কোনো নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। বক্তারা আরও সতর্ক করে বলেন, এই প্রার্থী বহাল থাকলে নির্বাচনে বিএনপির ভরাডুবির আশঙ্কা রয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আ.ন.ম. বজলুর রশিদ কালু, মোজাহার হোসেন, অধ্যাপক মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা ভিপি হামিদুলসহ আরও অনেকে।
বিক্ষোভকারীরা এ সময় স্লোগান দেন—
“হটাও পিনাক চৌধুরী, বাঁচাও ধানের শীষ”,
“আওয়ামী লীগের দালাল পিনাকের মনোনয়ন বাতিল চাই”,
“হাইব্রিড নেতা তাড়াও— বিএনপিকে বাঁচাও”,
“বিএনপিকে বাঁচাতে এর বিকল্প নাই।”
দিনাজপুরের বিরলে বিএনপি’র প্রার্থীতা পরিবর্তনের দাবিতে এমন উত্তাল আন্দোলনে গোটা অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।