তুহিন দেওয়ান, তজুমদ্দিন
ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নয়ন (২৬) ও আমির হোসেন (২৭)।
স্থানীয়দের অভিযোগ, নিহত দুই যুবক পেশাদার গরু চোর। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তারা ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির চেষ্টা করছিলেন। এ সময় গরুর মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তারা নয়ন ও আমির হোসেনকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়ে ধরা পড়েন এবং স্থানীয়দের গণপিটুনিতে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।"
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো অপরাধ সংঘটিত হলে আইন নিজের হাতে না নিয়ে পুলিশের কাছে অপরাধীদের সোপর্দ করাই উচিত। গণপিটুনি আইনগত দিক থেকে গুরুতর অপরাধ এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত চলমান রয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।