
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে ‘মোমর ট্রেডার্স’-এর গোডাউন থেকে ১৬ মেট্রিক টন (৩০ কেজির ৫৩৩ বস্তা) সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. খালেদা বানু ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।
খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের তথ্যমতে, সরকার সম্প্রতি টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম পুলিশ কমান্ডারের নামে ২২.১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। এর মধ্যে ১৬ মেট্রিক টন চাল টাঙ্গাইলের মেসার্স নিলয় ট্রেডার্স কিনে বীরগঞ্জের ব্যবসায়ী মো. জামিনুর রহমানের কাছে বিক্রি করে। প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তরের মার্কা ছিল। যেহেতু এই চাল বীরগঞ্জের জন্য বরাদ্দ ছিল না, তাই তা জব্দ করা হয়েছে।
ব্যবসায়ী জামিনুর রহমান দাবি করেন, তিনি রসিদের ভিত্তিতে চালগুলো কিনেছেন। তবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বীরগঞ্জ থানায় অবহিত করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।