
মোঃ সুমন ভূঁইয়া, নিজস্ব প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের কটুয়াজুড়ি খালে অবৈধভাবে একাধিক বাঁধ দিয়ে মাছ চাষ করছিলেন স্থানীয় এক প্রভাবশালী মহল। প্রশাসনের পক্ষ থেকে বাঁধ কেটে খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও, প্রভাবশালীদের হুমকি-ধমকির মুখে বাধাগ্রস্ত হয়ে ফেরত আসতে হয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তাকে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পাদ্রীশিবপুর ইউনিয়নের বড় রঘুনাথপুর এলাকার কটুয়াজুড়ি খালের মুখ বন্ধ করে মাছ চাষ করছিলেন সেলিম কাজী, লিখন কাজী ও জাকির কাজী নামে তিনজন প্রভাবশালী ব্যক্তি। তাদেরকে পূর্বে খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন। কিন্তু খাল বন্ধ করে মাছ চাষের ফলে পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় আশপাশের বিস্তীর্ণ কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দেয় এবং কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন।
গত ২৯ জুন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, কৃষি কর্মকর্তা সুমিত কুমার সাহা ও বর্তমান উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এরই ধারাবাহিকতায় রোববার (৩ আগস্ট) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বেকু (এক্সকাভেটর) দিয়ে বাঁধ কেটে খাল দখলমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু সেলিম কাজী, লিখন কাজীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি স্থানীয় কিছু অসাধু লোকজন নিয়ে বাঁধা দেন এবং উত্তেজনা সৃষ্টি করেন। এক পর্যায়ে মারাত্মক পরিস্থিতির আশঙ্কায় অভিযান বন্ধ রেখে ফিরে আসতে বাধ্য হন কর্মকর্তারা।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “বিভাগীয় কমিশনারের নির্দেশে খাল দখলমুক্ত করতে গিয়েছিলাম। একটি বাঁধ কেটে দিতে পারলেও পরবর্তীতে প্রভাবশালীদের বাধা ও সহিংসতার আশঙ্কায় অভিযান স্থগিত করতে হয়েছে।”
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তারা বলেন, “সরকারি খাল দখল করে রাখা হয়েছে বছরের পর বছর। এখন প্রশাসন উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে প্রভাবশালীদের কারণে। এ থেকে বোঝা যায় কারা প্রশাসনের ঊর্ধ্বে অবস্থান করছে।”
খাল দখলমুক্ত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।