
রাজিব হাসান রাজু,,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ২৪ জন বর্তমানে পলাতক। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পলাতকদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেও তাদের আদালতে হাজির করা সম্ভব হয়নি। তাই ট্রাইব্যুনাল ওই ২৪ আসামিকে পলাতক ঘোষণা করে বিচারকাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
একই সঙ্গে এই ২৪ আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রত্যেক আইনজীবী ছয়জন করে আসামির পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করবেন।
আজ আদালতে হাজির ছয়জন গ্রেপ্তার আসামির মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা পরিচয়ধারী ইমরান চৌধুরী ওরফে আকাশ ইতোমধ্যে নিজ নিজ আইনজীবী নিয়োগ করেছেন। তবে বাকি দুই আসামি এখনো আইনজীবী নিয়োগ দেননি। তাঁরা আদালতকে জানান, পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।
প্রসঙ্গত, গত ২৪ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনকে আসামি করা হয়।
গত বছরের ১৬ জুলাই, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের পার্ক মোড় এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি ছিলেন জুলাই মাসের আন্দোলনের প্রথম শহীদ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।