
তুহিন দেওয়ান তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভিজিএফ’র নাম বেশী চাওয়ায় তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন মহিলা দল সভাপতি ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালেকা বেগমকে রশি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ ওঠেছে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও দফাদারের বিরুদ্ধে।
গত ১জুন (রবিবার) সকাল ৯টায় চাঁচড়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মালেকা বেগম জানান, আমি আমার ইউনিয়নের মহিলা দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য। সেই হিসেবে আমার ৯টি ওয়ার্ডের সংগঠনের সদস্যদের দেওয়ার জন্য গত শনিবার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজের কাছে ভিজিএফ’র ১০কেজি চাউলের একশো নাম চাই। তিনি আমাকে চল্লিশজনের তালিকা দিতে বলে, এ নিয়ে তার সাথে আমার কথা কাটাকাটি হয়।
রবিবার সকাল আটটার দিকে আমি পরিষদে পুনরায় নাম চাইতে গেলে ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন ও চাঁচড়া বিএনপি সম্পাদক ইব্রাহিম হাওলাদারের মহিলা সমর্থক সহ আমাকে প্রথমে রশি দিয়ে হাত-পা বেঁধে বেধরক মারপিট করে। তারা আমার পিঠে, মাথায় এবং মুখে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত করে।
পরে হামলার শিকার ও নারী তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন দফাদার বলেন, মহিলা সভাপতি পরিষদে এসে তালা দিতে চাইলে আমরা তাকে বাধা দেই। নারী নেত্রীর ওপর হামলার বিষয়ে জানতে চাঁচড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
চাঁচড়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন বলেন, বিষয়টি আমি পরে শুনেছি এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত খান বলেন, চাঁচড়ার ঘটনাটি শুনেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।