
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত অটোরিকশা-সিএনজি, শ্যালো ইঞ্জিন চালিত আগলামন, ট্রলি ও পণ্যবাহী পিকআপ থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
ইজারাদার হাফিজুর রহমান হাপির নেতৃত্বে একটি চক্র এ চাঁদা আদায় করছে বলে জানানো হয়েছে।
প্রকাশ্যে দিনরাত পালাক্রমে হাতে লাল পতাকা নিয়ে পৌরসভা খাজনা রশিদ দিয়ে এসব যানবাহনের চালকদের থামিয়ে চলছে বেপরোয়া চাঁদাবাজি। আর চাঁদার টাকা না দিলে মারধর ও হয়রানির শিকার হচ্ছেন চালকরা।
শনিবার সকালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। এদিকে, এমন চাঁদাবাজি হলেও তা দেখেও দেখছেন না স্থানীয় প্রশাসন। এতে ক্ষোভ প্রকাশ করছেন এ মহাসড়ক দিয়ে চলাচলকারী চালক ও তাদের সহকারীরা। যদিও মিরপুর পৌর কর্তৃপক্ষ বলছে, এই মহাসড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন থেকে চাঁদার টাকা আদায় করতে কাউকেই ইজারা দেওয়া হয়নি। যারা এ ধরনের কাজ করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছেন তারা।
এসব যানবাহনের চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এ চাঁদাবাজির সঙ্গে জড়িত স্থানীয় প্রভাবশালী নেতারা । সবাইকে ম্যানেজ করে হাফিজুর রহমানের নেতৃত্বে একটি চক্রকে দিয়ে তোলা হয় এই চাঁদার টাকা। আর টাকা না দিলে মারধরের শিকার হন চালকরা। তাই ভয়ে বাধ্য হয়ে এসব যানবাহনের চালকরা ২০ টাকা থেকে ৩০ টাকা দিতে হচ্ছে।
কারো কারো কাছ থেকে ৫০ টাকা থেকে ১০০ টাকাও আদায় করছে এ চক্রটি। বিষয়টি বিভিন্ন মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেননি।
মহাসড়ক দিয়ে চলাচলকারী ভুক্তভোগী চালক রেজাউল, মেহেদী, সোহেল রানা বলেন, ‘এ যেন মগের মুল্লুক। সড়ক দিয়ে চলাচল করলেই গুনতে হচ্ছে টাকা। এই মহাসড়ক দিয়ে যতবার যাব, ততবারই ট্রলি প্রতি ৫০ থেকে ১০০ টাকা দিতে হচ্ছে। অন্য যানবাহনগুলোকেও টাকা দিতে হচ্ছে। মহাসড়কে এমন চাঁদাবাজি বন্ধ করার দাবি জানাচ্ছি। এতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি।’
এ ব্যাপারে ইজারাদার হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কলটি রিসিভ করেননি।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. নাজমুল ইসলাম বলেন, ‘এ মহাসড়ক দিয়ে চলাচলকারী এসব যানবাহন থেকে চাঁদার টাকা আদায় করতে পৌরসভা থেকে কাউকেই ইজারা দেওয়া হয়নি। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।