
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর গাবতলী হাব (পথশিশুদের স্কুল)-এর অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে খাবার তুলে দিতে মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব (WIPC) ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের সার্বিক সহযোগিতায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রবিবার দুপুরে ঢাকা মহানগরীর গাবতলী হাব স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী খাবার বিতরণ প্রকল্পের উদ্বোধন করেন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, “সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত গাবতলী হাব স্কুলে প্রায় ৭০ জন পথশিশু লেখাপড়া করে। বিদেশি অনুদান বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে এসব অসহায় শিশু খাদ্যসংকটে দিন কাটাচ্ছে। বিষয়টি জানার পর আমরা তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। সরকারি কিংবা বেসরকারিভাবে কোনো নিয়মিত বাজেট বা অর্থায়নের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের খাবারের ব্যবস্থা অব্যাহত রাখব।”
তিনি আরও বলেন, “শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। ক্ষুধার কারণে কোনো শিশুর পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হোক, তা আমরা চাই না। এসব অসহায় শিশুর পাশে দাঁড়ানো শুধু কোনো সংগঠনের দায়িত্ব নয়, বরং সমাজের বিত্তবান ও সচেতন প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। আমি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানাই, আপনারা এগিয়ে আসুন এবং এই শিশুদের মুখে হাসি ফোটাতে সহযোগিতা করুন।”
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. মামুন। তিনি বলেন, “বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেড এবং ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব যেভাবে এসব অসহায় শিশুর খাবারের ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে, সে জন্য আমরা তাদের প্রতি চিরকৃতজ্ঞ। শিশুদের কল্যাণে আমরা তহবিল সংগ্রহের চেষ্টা করছি। এ ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন। তিনি বলেন, “আমাদের প্রত্যেকের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো। বিশেষ করে যেসব শিশু খাদ্য ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তাদের সহযোগিতায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এসব শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউসিং লিমিটেডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী। তিনি বলেন, “২০২০ সাল থেকে আমার সংগঠন এসব শিশুদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। সংগঠনের নিজস্ব অর্থায়নে আমরা শিশুদের খাবার, পোশাক, শীতবস্ত্র, চিকিৎসা, খেলাধুলার সামগ্রীসহ বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছি। আমাদের এই মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায় শিশুদের কল্যাণে আমরা সব সময় কাজ করে যেতে চাই।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “আমরা সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনায় আপনাদের সবার সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের সহসভাপতি এ মান্নান, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল আলম, ঢাকা নিউজ ও নিরাপদ ঢাকার সম্পাদক মো. আতাউর রহমান, শারমিন আক্তারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
উদ্বোধনী দিনে শিশু ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ প্রায় শতাধিক মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামী এক মাস প্রতিদিন এসব অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গাবতলী হাব স্কুলের কো-অর্ডিনেটর মাকসুদা।
সংশ্লিষ্টরা মনে করছেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠান এগিয়ে এলে এসব শিশুর জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।