
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মিরপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মিরপুর পৌরসভার যোগীপোল এলাকার আক্কাস আলীর ছেলে মো. সাকিব হোসেন (১৯)। সে মিরপুর থানায় দায়ের করা পূর্বের একটি নাশকতা মামলার আসামি। অপর দুজন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মহিষাডোড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. ইয়াসিন সাহেব (২২)। তিনি ভেড়ামারা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মৃত গোলজার হোসেন বিশ্বাসের ছেলে মো. জামিল উদ্দীন রাজু। তিনি ছাতিয়ান ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জসিম উদ্দীন বিশ্বাসের ছোট ভাই।
মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত সুনির্দিষ্ট মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা বা যে কোনো ধরনের সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ নিয়মিত অভিযান ও আইনি পদক্ষেপ পরিচালনা করছে।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।