
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদ কে মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করে একটি শান্তিপূর্ণ,নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিব রাশেদ।
তিনি এমন একটি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চান,যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবেন এবং প্রতিটি নাগরিক ন্যায়বিচার,নিরাপত্তা ও নাগরিক অধিকার নিয়ে জীবনযাপন করতে পারবেন।
স্থানীয় সরকারব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন,স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।
তার মতে,একটি সুন্দর ও আদর্শ ইউনিয়ন গড়তে হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অন্যায়-অনিয়ম প্রতিরোধ এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও মনে করেন,ইউনিয়নের উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি,শিক্ষার পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।
বিশেষ করে দিনমজুর,খেটে-খাওয়া পরিবার ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
মোঃ হাবিব রাশেদের প্রত্যাশা,গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন হবে এমন একটি জনকল্যাণমুখী এলাকা,যেখানে দল-মতনির্বিশেষে সবাই সমান গুরুত্ব পাবেন।
চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক ব্যবসা ও সামাজিক অনাচারের বিরুদ্ধে আইনসম্মত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তরুণদের খেলাধুলা,শিক্ষা ও কর্মমুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার মাধ্যমে একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ,জবাবদিহি মূলক ও জনবান্ধব স্থানীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করাই হোক আগামী দিনের অঙ্গীকার—এমন প্রত্যাশাই তুলে ধরেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিব রাশেদ,সেই সাথে ইউনিয়ন বাসির দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।