তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।
ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৮ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১ জেলেকে আটক, তিনটি মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ট্রলারগুলো মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহিষখালী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিনের নেতৃত্বে মৎস্য প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাছ ধরারত অবস্থায় ২১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে ১৮ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—মো. শিপন (৩২), মো. সজিব (১৯), মো. কাশেম (৩৩), মো. ফয়সাল (২৫), মো. সোহাগ (২৫), নুর ইসলাম (২৫), আকবর (২০), মো. রাশেদ (২০), মনির (২৮), মো. আইয়ুব (২৮), ইব্রাহীম মাঝি (৫২), মো. রফিক (৪০), মো. শরীফ (২৮), মো. হাফিজ (৩৪), মো. মাকসুদ (৪৮), মো. শাহাদাত (২০), মো. ফারুক (৬৫) ও মো. কামাল (৬২)। তাঁদের সবার বাড়ি তজুমদ্দিন উপজেলায় বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে কেউ সরকারি আইন লঙ্ঘন করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
কার্যালয়: তালুকদার ভবন, ৩য় তলা, বাংলাবাজার ভোলা। ০১৮৮৫৫২১৪৮৪
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।