
সোহেল রায়হান, জেলা প্রতিনিধি (পিরোজপুর)
পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
সভায় প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকদ্রব্যের বিস্তার ও মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।